ই-কমার্স খাতের প্রয়োজন পূরণের প্রতিফলন ঘটবে বাজেটে : বাণিজ্যমন্ত্রী
ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ই-কামার্স খাতের প্রয়োজন মেটাতে বাজেটে প্রতিফলন ঘটবে বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, করোনা পরিস্থিতিতে ই-কমার্স এর প্রয়োজনীয়তা প্রমাণিত হয়েছে। এর মাধ্যমেই সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসায় পরিচালনা সহজ হচ্ছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনের সুফল। তাই ই-ক্যাব বাণিজ্যমন্ত্রণালয়ের কাছে লিখিত ভাবে জানালে তাদের প্রয়োজন মেটানোর ব্যাপারে অগ্রাধিকার দেয়া হবে।
বুধবার (১৩ মে) ই-কমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ই-ক্যাব আয়োজিত ডিজিটাল সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডিজিটাল এ সভায় ই-ক্যাব উপদেষ্টা নাহিম রাজ্জাক এমপি, বাণিজ্য সচিব ড. মো জাফর উদ্দীন, এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আজিম, ই-বাণিজ্য করবো নিজে ব্যবসা করবো প্রকল্প পরিচালক মো: হাফিজুর রহমান, ই-ক্যাব সভাপতি শমী কায়সার এবং ই-ক্যাব উপদেষ্টা মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল প্রমুখ বক্তব্য রাখেন।
বাণিজ্য সচিব জাফর উদ্দীন বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন না করলেও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের স্বার্থেই ই-বাণিজ্য সম্মেলনে আমরা কাজ করবো। আমাদের প্রকল্পে যথেষ্ট অর্থ রয়েছে। আমরা তা ব্যয় করে ই-বাণিজ্য করবো, নিজে ব্যবসা করবো প্রকল্প সংশোধন করে ৫ হাজার থেকে ১২ হাজার প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হচ্ছে। কোভিড ১৯ পরিস্থিতির কারণে উদ্যোক্তা তৈরির এই প্রশিক্ষণ হবে অনলাইনে।
এফবিসিসিআিই এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম বলেন, ই-কমার্সের সম্ভাবনা আমাদের সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা যদি ক্রস বর্ডার ই-কমার্সকে সহযোগিতা করে আরো বিকশিত করতে পারি। দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে এই খাত। যারা এখনো প্রচলিত পন্থায় ব্যবসা করেন তাদের ই-কমার্সে আসার সময় হয়ে গেছে। ইতোমধ্যে অনেকে অনলাইন বিজনেস শুরু করেছেন।